মেক্সিকোতে বিশ্বকাপকে কেন্দ্র করে শিক্ষাবর্ষ আগেভাগে শেষের বিতর্ক
মেক্সিকোতে বিশ্বকাপ নিয়ে শিক্ষাবর্ষ আগেভাগে শেষের বিতর্ক

ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকোতে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিন আয়োজক দেশের একটি হওয়ায় বৈশ্বিক এই ইভেন্টকে সামনে রেখে দেশটির কর্তৃপক্ষ শিক্ষাবর্ষ আগেভাগে শেষ করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সেখানকার অভিভাবকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষাবর্ষ ৪০ দিন আগে শেষ

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান তাপপ্রবাহ ও বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে স্কুলের শিক্ষাবর্ষ ৪০ দিন আগেই শেষ করা হবে। শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো জানিয়েছেন, চলমান তীব্র তাপপ্রবাহ এবং আসন্ন বিশ্বকাপকে বিবেচনায় নিয়ে ৫ জুনই স্কুল বছর শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ৫ জুন শিক্ষাবর্ষ শেষ করবো, কারণ অনেক রাজ্যেই ইতোমধ্যে তাপমাত্রা অত্যন্ত বেশি। পাশাপাশি বিশ্বকাপের বিষয়টিও রয়েছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, কর্তৃপক্ষ বর্তমানে পরবর্তী শিক্ষাবর্ষ শুরুর সময়ও এগিয়ে আনার বিষয়টি বিবেচনা করছে। বর্তমানে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা ৩১ আগস্ট।

অভিভাবকদের তীব্র প্রতিক্রিয়া

তবে এ সিদ্ধান্ত দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। অভিভাবকদের অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেছেন, এতে তাদের অতিরিক্ত এক মাস শিশুদের দেখাশোনার বাড়তি খরচ বহন করতে হবে।

দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম অবশ্য জানিয়েছেন, এটি শুধু একটি প্রস্তাব। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অনেক মেক্সিকানই ফুটবল ভালোবাসেন, আমরা বিশ্বকাপের অপেক্ষায় আছি। তাই ছুটি এগিয়ে আনার প্রস্তাব এসেছে। তবে আমাদের অবশ্যই শিশুদের স্কুলে উপস্থিতির বিষয়টিও বিবেচনায় নিতে হবে।’

আসন্ন বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ