নোয়াখালী প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির ছেলের উক্তি তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু এমপি বলেছেন, জামায়াতে ইসলামী হলো একটা আফিম। এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস, এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে, শুদ্ধ-অশুদ্ধ, ভুল, এরা এটাই মানে। অতএব মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলাম করে না।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য
বুধবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে বলেন, তরুণ শরীফ ওসমান হাদিকে যারা মেরেছে, তার বিচার হওয়া উচিৎ। আমি তার বিচার দাবি করি। এ রকম একটা তরুণ-টগবগে জাতীয়তাবাদী নেতা, তাকে মেরে ফেলেছে।
হত্যাকারীদের সম্পর্কে মন্তব্য
তিনি বলেন, সাম্রাজ্যবাদীদের চক্রান্ত ও যারা এই দেশে শুকরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসেবে বের হবে। এমপি বরকত উল্যাহ বুলু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জের রসুলপুর ও কাদিরপুরে খাল খনন করেছেন, মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছেন। বিগত এই ৩০-৩৫ বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকতো, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, কয়েক লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারতো। আমাদের মাছের ও কৃষি কাজের অভাব হতো না, যোগাযোগ ব্যবস্থাও সমুন্নত থাকতো।
তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন
তিনি বলেন, আজকে আবার আমাদের নেতা তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। সরকারের আড়াই মাসে আমরা যা করেছি, গত ১৭ বছরেও তা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। বরকত উল্যাহ বুলু বলেন, হকারদের পুনর্বাসনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চৌমুহনীতে বিশাল জমিন বরাদ্দ দিয়েছিলেন। এখন সে হকার্স মার্কেট ব্যবসায়ী দস্যুদের দখলে। আন্দোলনের মাধ্যমে সে মার্কেট দখলে নেওয়ার জন্য হকারদের উপদেশ দিয়ে তিনি বলেন, কোনোমতেই সড়ক দখল করে হকারদের বসতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসসহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিপুল সংখ্যক স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।



