নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (৩ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের সম্পাদক, কীভাবে পেলেন পদ
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার আসামি গাজী এনামুল হক সুজনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সমালোচনার মুখে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে ফেনী পৌর যুবদলের কমিটি সাময়িকভাবে স্থগিত করে সংশ্লিষ্ট নেতাদের কেন্দ্রে জরুরি তলব করা হয়েছে। রবিবার (৩ মে) কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব সিদ্ধান্ত জানানো হয়।
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে, দাবি নাহিদের
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, “প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সরকার তা না করে নিজের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে করলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আমাদের একমাত্র পথ হয়ে দাঁড়াবে।”
পশ্চিমবঙ্গেই নির্ধারিত হবে ভারতীয় রাজনীতির গতিপথ
সোমবার যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে, তখন সেই সংখ্যাগুলো শুধু রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে কে বসবেন, তা নির্ধারণ করবে না। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চলমান মেয়াদের দ্বিতীয়ার্ধে ভারতের সামগ্রিক রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে, এই ফলাফল সেটির একটি স্পষ্ট বার্তা দেবে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া প্রকাশিত এক বিশ্লেষণে এমন আভাস দেওয়া হয়েছে।
‘আল্লাহর নামে’ ছেড়ে দেওয়া গরু বিক্রি করে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা, পদ স্থগিত
‘আল্লাহর নামে’ রাস্তায় ছেড়ে দেওয়া একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রি করে দিয়েছেন বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামসুল কবির ফরহাদ ও তার সহযোগীরা। এ ঘটনায় তার দলীয় পদ সাময়িক স্থগিত করা হয়েছে। উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন শামসুল কবির। একই অভিযোগে শায়েস্তাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খানকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
রঙিন পর্দার তারকার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিই যেন দর্শকের বিশেষ আকর্ষণ থাকে। তাদের যাপনের নানা ভঙ্গি ভক্তের জীবনেও প্রভাব ফেলে। তাই তো তারকাদের ইতিবাচক যে কোন উদ্যোগ যেমন প্রশংসিত হয়, নেতিবাচক কোন কাজও তেমনি সকলের সমালোচনার বিষয়বস্তু হয়ে ওঠে নিমিষেই। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তেমনই একজন।



