সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে জাকাত নিয়ে অবমাননাকর মন্তব্য করার কারণে সরকার দলীয় নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
জাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম
তিনি বলেন, জাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। শরীয়তের বিধি-বিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা একটি চরম অপরাধ। এই ধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয় এবং গ্রহণযোগ্য নয়।
যৌথসভায় সভাপতির বক্তব্য
রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত দলের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত থানা ও মহানগর দায়িত্বশীলদের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, জাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখে। অন্যদিকে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত, যা দেশে চরম বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করে। এই ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জাকাতের তুলনা ইসলামের বিরুদ্ধে চরম ধৃষ্টতার শামিল।
তিনি বলেন, এই মন্তব্যে দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। তাই মহিলা এমপি মনিকে অবশ্যই জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।
সভায় উপস্থিত নেতারা
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফাসহ থানা পর্যায়ের নেতৃবৃন্দ।



