ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ শনিবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
মনোনয়নপত্র জমা ও আইনি জটিলতা
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। সেদিন নির্ধারিত সময়ের কিছু পরে নুসরাত মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। তবে সে সময় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে নুসরাত আদালতের দ্বারস্থ হলে আদালত নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সে অনুযায়ী তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও বাছাই করা হয়।
অন্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়। রাষ্ট্রায়ত্ত্ব কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় আইন অনুযায়ী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।
সংরক্ষিত আসনে বিজয়ী প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গেজেট প্রকাশ করেছে ইসি। তাঁদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১–দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন এবং স্বতন্ত্র ১ জন। এখন সংসদ সদস্য হিসেবে শপথের আয়োজন করা হবে। আইনি জটিলতা থাকায় বাকি একটি আসনের প্রার্থিতার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।



