নয়াপল্টনে বিএনপি সমাবেশে নেতা-কর্মীদের ঢল, বক্তব্য দেবেন তারেক রহমান
নয়াপল্টনে বিএনপি সমাবেশে নেতা-কর্মীদের ঢল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে নেতা–কর্মীদের ভিড় দেখা গেছে। আজ শুক্রবার দুপুরে এই সমাবেশ শুরু হয়। বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরুর আগেই ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত রাস্তা ছাপিয়ে নেতা–কর্মীদের ভিড় অলিগলিতে ছড়িয়ে পড়ে। ব্যানার, ফেস্টুন আর জাতীয় পতাকায় ভরে যায় পুরো এলাকা।

মে দিবস উপলক্ষে আয়োজন

মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে। সমাবেশকে ঘিরে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত এবং আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে আসতে থাকেন নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর ঢাকা মহানগরীতে আয়োজিত কোনো সমাবেশে এটিই তাঁর প্রথম বক্তব্য। ফলে নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত নেতারা

সমাবেশ মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশ নিয়েছেন। এতে সভাপতিত্ব করছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

সাংস্কৃতিক পরিবেশনা

সমাবেশের শুরুতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

পুলিশের উপস্থিতি

সমাবেশস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তাঁরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন।

কর্মীদের উচ্ছ্বাস

কেরানীগঞ্জ থেকে আসা শ্রমিক আবদুর রহিম বলেন, ‘আগে নয়াপল্টনে আসা মানেই ছিল বুক ধকপকানি—কখন লাঠিচার্জ হয় বা কখন মামলা-হামলার মুখে পড়ি। আজ নিজের সরকারের সময়ে বুক ফুলিয়ে সমাবেশে এসেছি। এমন দিনের জন্যই তো আমরা বছরের পর বছর সংগ্রাম করেছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ