মহান মে দিবসের সমাবেশে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশের আয়োজন
শুক্রবার (১ মে) পূর্বনির্ধারিত দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে আসতে শুরু করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নানা স্লোগান দেন তারা। এছাড়া বিপ্লবী গান পরিবেশন করছেন জাসাসের শিল্পীরা।
আয়োজকদের বক্তব্য
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, দুযোর্গপূর্ণ আবহাওয়ার পরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। তিনি বলেন, এই সমাবেশে আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সে জন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা প্রত্যাশা করছি, মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে।
অন্যান্য বক্তা
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। আরও বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
নিরাপত্তা ও মঞ্চ প্রস্তুতি
বেলা দেড়টায় সরেজমিনে দেখা গেছে, নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে। আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।
তারেক রহমানের অংশগ্রহণ
দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরে এই প্রথম শ্রমিক সমাবেশে তারেক রহমান অংশ নিচ্ছেন। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।
নেতাকর্মীদের উৎসাহ
শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা।



