দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরে ১ জন, পঞ্চগড়ে ১ জন চা শ্রমিক ও জামালপুরে ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।
শায়খ আহমাদুল্লাহর শোকবার্তা
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বিষয়টি নিয়ে গভীর দুঃখপ্রকাশ করেছেন। সোমবার (২৮ এপ্রিল) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'বজ্রপাতে এক দিনে ১৪ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।'
পোস্টে তিনি আরও লেখেন, 'মহান আল্লাহ নিহতদের ক্ষমা করুন। নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন।' শায়খ আহমাদুল্লাহ বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কেও সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বজ্রপাতের সময় সতর্কতা
বিশেষজ্ঞরা জানান, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা, গাছের নিচে না দাঁড়ানো, ধাতব বস্তু থেকে দূরে থাকা এবং মোবাইল ফোন ব্যবহার না করা জরুরি। এছাড়া বজ্রপাতের পূর্বাভাস পেলে ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়।



