ব্রাজিলের বিপক্ষে ইতিহাস গড়ার মিশনে জাপান
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। সোমবার (২৯ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে সেলেসাওদের হারাতে পারলেই ইতিহাস গড়বে জাপান।
১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেক
১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে প্রথমবার অংশ নেয় জাপান। এবারের আসরসহ অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলছে এশিয়ার দেশটি। তবে বিশ্বকাপে নকআউট পর্বে যতবারই লড়াই করেছে, ততবারই হারের তেঁতো স্বাদ পেয়েছে তারা। তাই ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে দেশটি।
গ্রুপ পর্বে বারবার ব্যর্থতা
অভিষেক বিশ্বকাপে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও জ্যামাইকার সঙ্গে কঠিন গ্রুপে পড়েছিল জাপান। আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার কাছে হারের পর শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে গোল করলেও বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই। ২০০৬ জার্মানি বিশ্বকাপে আবারও কঠিন গ্রুপে পড়ে জাপান। অস্ট্রেলিয়া ও ব্রাজিলের কাছে হার এবং ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করে টুর্নামেন্ট শেষ হয় তাদের। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও একই পরিণতি। আইভরি কোস্ট, গ্রিস ও কলম্বিয়ার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়।
নকআউট পর্বে জয়হীন জাপান
তবে অন্য চারটি বিশ্বকাপে জাপান গ্রুপ পর্ব পেরোলেও নকআউটে কোনো জয় পায়নি। ২০০২ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত আসরে তুরস্কের কাছে হেরে বিদায় নেয় তারা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে থামে স্বপ্ন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩-২ ব্যবধানে হার মানতে হয় জাপানকে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখালেও শেষ ষোলোতে আবারও টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় তারা।
ইতিহাস বদলানোর লক্ষ্য
তাই এবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে জয়ের স্বাদ পাবে জাপান। এবার তাই ইতিহাস বদলানোর লক্ষ্য এশিয়ার দেশটির সামনে।



