সারাদেশে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪, আহত অনেকে
সারাদেশে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ১৪

সারাদেশে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরের সিংড়ায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ জন এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জন রয়েছেন।

গাইবান্ধায় পাঁচজন নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর শিশুপুত্র ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি বারান্দায় খেলার সময় বজ্রপাতে আহত হয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। সাদুল্লাপুরের কামারপাড়ায় মিজানুর রহমান নামে এক যুবক জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন। ফুলছড়ির বুলবুলির চরে কৃষক আলী আকবরের মৃত্যু হয়েছে। এছাড়া সাঘাটা ও ফুলছড়িতে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সিরাজগঞ্জে দুইজন নিহত

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে এক কৃষক ও এক যুবক মারা গেছেন। তাড়াশের মাধাইনগর ইউনিয়নে বিকাল সাড়ে ৪টায় কৃষক আব্দুল হামিদ (৫০) মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন। অন্যদিকে রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে বিকাল ৫টায় হাসান শেখ (২৫) ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঠাকুরগাঁওয়ে দুইজন নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। সৈয়দপুর ইউনিয়নের গৃহবধূ সেলিনা আক্তার মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন। কোষারাণীগঞ্জ ইউনিয়নের কৃষক ইলিয়াস আলী (৩৭) নিজের ফসলি জমি দেখতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামালপুরে দুইজন নিহত

জামালপুরে বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মেলান্দহ উপজেলায় মর্জিনা বেগম বাড়ির উঠানে রান্নার সময় বজ্রপাতে নিহত হন। আহত হয়েছেন শেফালী বেগম। জামালপুর সদরের চর যথার্থপুরে কৃষক হাসমত আলী হাসু ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। আহত হয়েছেন আনোয়ার হোসেন।

নাটোরের সিংড়ায় একজন নিহত

সিংড়ার চলনবিলে ধান কাটতে এসে বজ্রপাতে সম্রাট (২৬) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। তারা টিনের ছাপড়ায় আশ্রয় নেওয়ার সময় বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

বগুড়ায় একজন নিহত

বগুড়ার গাবতলীতে বৃষ্টির মধ্যে ধান গাছে পলিথিন দেওয়ার সময় বজ্রাঘাতে সুমন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।