কিশোরগঞ্জের কটিয়াদীতে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পরই তার মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন। মা-ছেলের এমন মৃত্যুতে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের রায়খলা গ্রামে নেমেছে শোকের ছায়া।
মা-ছেলের মৃত্যুর ঘটনা
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আলতাফ উদ্দিন শাহীন (৫৩)। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় রবিবার ভোর ৬টার দিকে মারা যান তার মা জুবাইদা মনি (৮০)।
শাহীন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পরিবারের সদস্যরা জানান, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরেই মায়েরও মৃত্যু হয়েছে।
পরিবারের বক্তব্য
শাহীনের ছোট ভাই মোস্তফা কামাল বলেন, ‘আমার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ভাইয়ের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। সেই শোক সহ্য করতে পারেননি। এজন্য মৃত্যু হয়েছে।’
শাহীনের আত্মীয় শাহ আলম জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এজন্য গাজীপুরে বসবাস করতেন। মাঝেমধ্যে মাকে দেখতে বাড়িতে আসতেন।
স্থানীয় নেতার প্রতিক্রিয়া
সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘চার ঘণ্টার ব্যবধানে মা-ছেলে মারা গেছেন। ঘটনাটি মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমার জীবনে কখনও এমন ঘটনার সাক্ষী হইনি। আজ হলাম।’
চেয়ারম্যান আমিনুল ইসলাম আরও বলেন, ‘শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। দায়িত্ব পালনের সময় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে স্বর্ণপদক পান। তিনি গাজীপুরে বসবাস করতেন। সুযোগ পেলেই মাকে দেখতে আসতেন। শনিবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে গাজীপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।’



