গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়েছে।
উদ্বোধনী পর্ব
ক্বারী এনায়েত উল্লাহ সাইফির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। কোরআন তেলাওয়াতের অনুবাদ করেন শরীফ বায়জীদ মাহমুদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান।
জুলাইযোদ্ধার বক্তব্য
সমাবেশের উদ্বোধনীতে বক্তব্য দেন জুলাইযোদ্ধা কামরুল হাসান। তিনি বলেন, কোনও ধরনের দাড়ি, কমা, সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আবার সংসদ ঘেরাও করা হবে।
নেতৃবৃন্দের উপস্থিতি
সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। এছাড়াও সারা দেশ থেকে আগত জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাইযোদ্ধা, জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং ডাকসু, জাকসু, চাকসু, জকসু, রাকসু নেতা যোগ দেন।



