সাম্প্রতিক সময়ে দেশজুড়ে অস্বাভাবিক কিছু নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এসব ঘটনায় সমাজে উদ্বেগ ও অস্থিরতা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করতে পারলেই এমন অপরাধ কমে আসবে।
লক্ষ্মীপুরে মা-মেয়েসহ চারজন নিহত
গত বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরের টিনহাটা এলাকায় বাসায় ঢুকে এক যুবক মা ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যা করে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে কলেজছাত্রী সায়মা আক্তার (২১), মেঝ মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। ঘটনার পর সন্দেহভাজন অন্তর মজুমদারকে (নোয়াখালীর সুবর্ণচর এলাকার বাসিন্দা) আটক করে গণপিটুনি দিলে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।
তুরাগ নদে তিন লাশ, দুইজন সাবেক ছাত্রলীগ কর্মী
গত বুধ ও বৃহস্পতিবার (২৬-২৭ জুন) তুরাগ নদ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন মো. সুমন, তুরাগ থানার রানাভোলা এলাকার আরিফ হাসান রাকিব ও রাজধানীর মনিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। তাদের ফেসবুক আইডি থেকে জানা গেছে, দুই জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ঢাকা মহানগর পুলিশের তুরাগ, রূপনগর, দারুস সালাম ও ঢাকা জেলা পুলিশের আশুলিয়া থানা এলাকার তুরাগ নদের আওতাধীন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানিয়েছেন, পৃথক স্থান থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে।
বরিশালে অজ্ঞাত যুবকের লাশ
গত শনিবার (২৯ জুন) বরিশালের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহুনি এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মতে, যুবকটি আনুমানিক দুই থেকে তিন দিন আগে মারা গেছে।
জয়পুরহাটে গৃহবধূর মৃত্যু
জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় বন্দনা রানি দাস নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মারপিটে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঢাবি অধ্যাপকের বিশ্লেষণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রেজাউল করিম বলেন, কিছু মানুষ অপরাধপ্রবণ, যাদের 'লাইকলি অফেন্ডার' বলা হয়। তারা অপরাধের সুযোগ খোঁজে এবং সুবিধাজনক টার্গেট বেছে নেয়। তারা দেখে যে অপরাধ করলে পার পেয়ে যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও বলেন, 'লিগ্যাল গার্ডিয়ানশিপ' অর্থাৎ মনিটরিং, সার্ভিলেন্স ও বিচার প্রক্রিয়া ঠিকমতো না হওয়ায় অপরাধ বাড়ছে। অপরাধের 'টেকনিক অব নিউট্রালাইজেশন' নামক পাঁচটি বিষয় দূর করা না গেলে রাষ্ট্র ও সমাজে অপরাধ বাড়বে।
জামালপুরে শিশু হত্যায় মা আটক
গত রোববার (২৮ জুন) জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সি শিশু শাওনকে হত্যার অভিযোগে তার মা শ্রাবন্তী বেগমকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ ও নিহত শিশুর স্বজনদের ভাষ্য অনুযায়ী, দাম্পত্য কলহের কারণে শ্রাবন্তী ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন এবং কিছুক্ষণ পর তাকে হত্যা করে পালানোর সময় জনগণ তাকে আটক করে।
রাজধানীতে নার্সিং শিক্ষার্থীর অর্ধগলিত লাশ
গত ১৭ জুন রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ভাড়া বাসার একটি ফ্ল্যাট থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামে এক নার্সিং শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুজ্জামান পলাতক। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক তথ্যমতে ১৪ জুন রাতে আশিকুজ্জামান বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি। লাশ অর্ধগলিত থাকায় আঘাতের চিহ্ন নিশ্চিত হওয়া যায়নি, তবে আলামত বিবেচনায় এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে।
মানিকগঞ্জে স্কুলছাত্রীর খণ্ডিত লাশ
গত ২১ জুন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর এক স্কুলছাত্রীর (১৪) খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। চন্দননগর এলাকায় একটি কবরস্থানসংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছাত্রী স্থানীয় সাহরাইল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ে টিফিন চলাকালে দশম শ্রেণির এক ছাত্রের (১৬) সঙ্গে তার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীকে স্থানান্তর সনদ (টিসি) দেয়। পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে।
চট্টগ্রামে দুই প্রবাসীর লাশ
গত শুক্রবার (২৮ জুন) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ বাবর (২৮) ও মোহাম্মদ তানভির হোসেন (৩০)। মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে বাবরের লাশ উদ্ধার করে পুলিশ। একইদিন সন্ধ্যায় মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজী পাড়া এলাকায় কর্ণফুলী নদীর চরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তানভিরের লাশ পাওয়া যায়। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির উদ্দিন বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
শাহবাগে নারী চিকিৎসকের লাশ
গত শুক্রবার (২৮ জুন) রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশে পচন ধরেছিল। তার ছোট বোন নজুলা ফেরদৌস শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সাল থেকে তিনি শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাকী ভাড়া থাকতেন।
বিশেষজ্ঞের মতামত
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খান ইত্তেফাককে বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি আমাদের এই অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি ঘটনার অনুসন্ধান করে বিচার নিশ্চিত করতে পারলে এই ধরনের নৃশংসতা কমে আসবে। সমাজে অস্থিরতা তৈরি হলে এর প্রতিফলন ঘটে এসব ঘটনায়। আসলে আমাদের সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে আমরা আরও বেশি অসহিষ্ণু হয়ে উঠছি।’



