রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ও হল সংসদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে থানার ভেতরেই এই ঘটনা ঘটে। হামলায় ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সূত্রপাত
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ঘটনার মূল সূত্রপাত ২০২৫ সালের ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, আবদুল্লাহ আল মাহমুদ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন।
থানায় জিডি ও সংঘর্ষ
এই ঘটনার প্রেক্ষিতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতাদের দাবি, তারা যখন থানায় অভিযোগ করতে আসেন, তখন তারা অভিযুক্ত মাহমুদকে সেখানে উপস্থিত দেখতে পান। এই সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে ডাকসুর দুই সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনার পর থানায় উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



