সরকার ধাক্কায় পড়বে না: সমাজকল্যাণমন্ত্রী
সরকার ধাক্কায় পড়বে না: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, যারা মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে, তারা বোকার স্বর্গে আছেন। এই সরকার জনগণের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে এবং জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। জনগণকে ছেড়ে অন্য পক্ষে অবস্থান নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য

শুক্রবার (২২ মে) বিকালে হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা বিএনপির আয়োজনে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা চলছে, মানুষকে উত্তেজিত করে মবকালচারের দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোনো অবস্থাতেই সরকারকে হটিয়ে দেওয়া সম্ভব নয়।

শিশু নির্যাতন ও অপরাধ দমন

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা শিশুদের ধর্ষণ বা নির্যাতন করে, তাদের জন্য বেগম খালেদা জিয়ার সময়ে মৃত্যুদণ্ড নির্ধারণ করা আছে। এর পরে আর কী শাস্তি দেওয়া যায়, তা ভাবতে হবে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অপরাধীকে গ্রেফতার করেছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিচারের আশ্বাস দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক—এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী দলের হোক বা নির্দলীয়, কাউকে ছাড় দেওয়া হবে না।

উন্নয়ন কর্মকাণ্ড

মন্ত্রী জানান, হিলির রাস্তাঘাট, ট্রেন থামানো, বন্দরের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অচিরেই শুরু হবে। মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ