মাহফুজের পোস্ট: আওয়ামী লীগ ফিরেছে, রাজনীতিতে নতুন বিতর্ক
মাহফুজের পোস্ট: আওয়ামী লীগ ফিরেছে, বিতর্ক

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের এক ফেসবুক পোস্ট ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কার্যত ‘ব্যাক করেছে’ (ফিরে এসেছে)—এমন বক্তব্য দিয়ে তিনি নানা আলোচনা–সমালোচনার জন্ম দিয়েছেন।

পোস্টের প্রেক্ষাপট

মাহফুজ আলম এমন এক সময়ে এই পোস্ট দেন, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন ২.০’–এর বিষয়টি আলোচনায় এনেছেন আওয়ামী লীগ ও দলটির সহযোগী–অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা। এ ছাড়া ভারতের কিছু গণমাধ্যম সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকারও প্রকাশ করেছে। একই দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে তাঁকে কোনো এক্সট্রা জুডিশিয়াল (বিচারবহির্ভূত) কিছু আমরা করব না।’

মাহফুজের পোস্টের বক্তব্য

গতকাল বুধবার রাত ১০টার পর ফেসবুকে দেওয়া ওই পোস্টে মাহফুজ লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরল, সে গল্পই বলব আজ।’ এরপর আওয়ামী লীগ কীভাবে ফিরেছে, তার একটি বড় তালিকা তুলে ধরেন তিনি। পোস্টটি ভাইরাল হয় এবং আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মন্তব্য ও প্রতিক্রিয়া

পোস্টের নিচে শেখ তাসনিম আফরোজ (ইমি) মন্তব্যে লেখেন, ‘লীগ সেদিনই ব্যাক করসে, যেদিন ৩২ ভাংতে গেসিলা। লীগ সেদিনই ব্যাক করসে যেদিন এনসিপির কারণে গোপালগঞ্জে ৫ খুন হয়। এই দুইটা পয়েন্ট বাদ পড়সে।’ আবু বাকের মজুমদার লেখেন, ‘উপদেষ্টাদের কারও কারও অর্থ কেলেঙ্কারির বিষয়টা মিস (উল্লেখ করা হয়নি) গেছে ভাই।’ মাহতাব উদ্দীন আহমেদ প্রশ্ন তোলেন, ‘যে ইন্টেরিমের সমালোচনা এখন করছেন, তখন যখন আপনি নিজেও এই সরকারের অংশ ছিলেন, আপনি পদত্যাগ করেন নাই কেন?’

এসব মন্তব্যের জবাবে মাহফুজ কিছু বলেননি। তবে নূমান আহমাদ চৌধুরীর মন্তব্যের উত্তর দিয়েছেন। নূমান লিখেছিলেন, ‘লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ভেইগ একটা বিষয়কে মুজিববাদ বলে শেষে মূর্দাবাদ শব্দ জুড়ে দেওয়া হয়েছিল।’ জবাবে মাহফুজ বলেন, ‘নারে ভাই, মুজিববাদ বাস্তব, ভেইগ কিছু না। আর মুজিববাদী বাম মানে বাকশালী বাম, সেটাও রিয়ালিটিই। লীগ ব্যাক করলে মুজিববাদী বাম আর কট্টর ডানের মিতালিতেই ব্যাক করবে।’

অন্যান্য প্রতিক্রিয়া

অধ্যাপক আসিফ নজরুল লেখেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’ সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ লেখেন, ‘লীগ ফেরত আসবে না। কিন্তু যে কারণে লীগকে মানুষ মরিয়া হয়ে হঠাতে চেয়েছে, সেই পুরোনো বন্দোবস্ত ফেরত এসেছে।’

মাহফুজের ব্যাখ্যা

পোস্ট ভাইরাল হওয়ার পর মধ্যরাতে আরেক পোস্টে মাহফুজ ব্যাখ্যা দেন। তিনি লেখেন, ‘আমাদের এখনকার কাজ হলো—সব নিপীড়নের বিরুদ্ধে, নিপীড়িতের পক্ষে থাকা। দল-মত-ধর্মনির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের মানবাধিকারের পক্ষে থাকা। হঠকারী, উগ্রবাদী এবং অন্তর্ঘাতমূলক রাজনীতিকে পরাস্ত করা।’

তিনি সংখ্যালঘু ও মাজারপন্থীদের ওপর হামলার বিচার, জুলাই গণহত্যার বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা চালুর পক্ষে লড়াই অব্যাহত রাখার কথা বলেন। জুলাইকে একটি মতাদর্শের ব্যানারে কুক্ষিগত ও বিভাজিত করার সব প্রকল্পকে পরাস্ত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।