ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় চেতনানাশক মেশানো খাবার খাইয়ে এক সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভুক্তভোগীর পিতা বাদী হয়ে প্রতিবেশী ডালিম তরফদারকে আসামি করে থানায় মামলাটি করেন।
ঘটনার বিবরণ
শনিবার (৩১ মে) রাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডালিম তরফদার শ্যামকুড় বাজারপাড়ার নবী নুর তরফদারের ছেলে। বর্তমানে ভুক্তভোগী ওই নারী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পিতা জানান, পারিবারিক সুসম্পর্ক থাকায় অভিযুক্ত ডালিম তরফদার নিয়মিত তাদের বাড়িতে আসা যাওয়া করতেন। সেই সুবাদে শনিবার রাতে ডালিম তরফদার চেতনানাশক মেশানো খেজুর হাতে নিয়ে তাদের বাড়িতে আসেন। তিনি পরিবারের সবাইকে ওই চেতনানাশক মেশানো খেজুর খেতে দেন।
এরপর ভোররাতে ভুক্তভোগীর তিন বছরের সন্তানের কান্নার শব্দে তার পিতার ঘুম ভেঙে যায়। তিনি মেয়ের ঘরে গিয়ে দেখেন ডালিম তরফদার তাকে ধর্ষণ করছেন। এ সময় মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ডালিম জানালার টিন সরিয়ে পালিয়ে যান।
পুলিশের বক্তব্য
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।



