একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে বুধবার (২০ মে) দুপুরে দেশে ফিরে তিনি একথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সময় সংবাদের মুখোমুখি হয়ে জামায়াত সেক্রেটারি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নির্লজ্জ ব্যর্থতায় জনগণের জানমাল হুমকির মুখে পড়েছে। এ ব্যর্থতার দায় সরকারও এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
জনগণের প্রতি আহ্বান
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে।
ঈদ প্রস্তুতি
এসময় তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে দ্রুত পরিকল্পনা নেয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, সরকার সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যাতে ঈদের সময় জনগণের দুর্ভোগ না হয়।



