নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডিশ লাইন ব্যবসা প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে নাছির নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে চাঁনমারী মাউড়াপট্টি এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ অফিসে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত নাছির (৬০) ফতুল্লার চাঁনমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের ডিশ ব্যবসা পরিচালনা করতেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। তবে স্থানীয়রা জানান, তার কোনো দলীয় পদ-পদবি ছিল না।
স্থানীয়দের বক্তব্য
এলাকাবাসী জানান, দলীয় পদপদবি না থাকলেও আওয়ামী লীগের মিছিল মিটিংয়ের সামনে থাকতেন নাছির। এলাকায় তিনি সবার সঙ্গে মিলেমিশে থাকতেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের অভিযোগ নেই। প্রতিদিনের মতো নাছির তার ডিশ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর ১টার সময় হঠাৎ তার ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় অফিসে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, ডিশ অফিস থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন। তিনি তাকে চিনতে পারেননি।
পুলিশের তৎপরতা
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। লাশ খানপুর হাসপাতাল থেকে ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নাছির হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।



