সংঘাত নয়, সংলাপের রাজনীতি জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ
সংঘাত নয়, সংলাপের রাজনীতি জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংঘাত, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে সংলাপ, সহনশীলতা ও অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি।

প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্য

আজ রোববার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা একটি ইতিবাচক বার্তা। দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার প্রশ্নে কোনো রাজনৈতিক শক্তিকে অযথা বাইরে রেখে নয়, বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।’

মহাসচিবের স্বাগত বক্তব্য

সভার শুরুতে স্বাগত বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টি সব সময় গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছে। দেশের মানুষ এখন সংঘাত নয়, কার্যকর গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনকল্যাণমুখী রাজনীতি দেখতে চায়। জাতীয় পার্টি সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করে যাবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরশাদের মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান

রুহুল আমিন হাওলাদার ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও সব সাংগঠনিক ইউনিটে ব্যাপক কর্মসূচির মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হবে। একই সঙ্গে এরশাদের রাজনৈতিক অবদান, উন্নয়ন কর্মকাণ্ড ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় অন্যান্য বক্তা ও সিদ্ধান্ত

প্রেসিডিয়াম সভায় আরও বক্তব্য দেন দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, সাহিদুর রহমান, মোস্তফা আল মাহমুদসহ দলের কেন্দ্রীয় নেতারা। সভায় উপস্থিত নেতারা জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ, তরুণ নেতৃত্বকে এগিয়ে আনা এবং জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মাঠে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।