বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সামাজিক বনায়নের ৩২টি মেহগনি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে রনি মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। গত ২৫ জুন রাকুদিয়া মোল্লা বাড়ির সড়কে এ ঘটনা ঘটে।
প্রেক্ষাপট ও চুক্তি
জানা যায়, ১৯৯৮ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার সমন্বয়কারী আব্দুর রহিমের তত্ত্বাবধানে রাকুদিয়া ডাকঘর থেকে মোল্লাবাড়ি ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে সামাজিক বনায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। চুক্তি অনুযায়ী, গাছের মালিকানার ৭০ শতাংশ জীবনতরী মহিলা সমিতির সদস্যদের, ১৫ শতাংশ ইউনিয়ন পরিষদের এবং অবশিষ্ট ১৫ শতাংশ প্রশিকার।
সুবিধাভোগীদের বক্তব্য
সুবিধাভোগীরা জানান, প্রায় ২৮ বছর ধরে নিজেদের অর্থ ব্যয় করে তারা গাছগুলোর পরিচর্যা করেছেন। ইউনিয়ন পরিষদ এবং তাদের না জানিয়েই রনি মোল্লা ক্ষমতার দাপটে গাছগুলি কেটে বিক্রি করেছে।
অভিযুক্ত নেতার বক্তব্য
রনি মোল্লা বলেন, সুবিধাভোগীদের অনুমতি নিয়েই গাছ কাটা ও বিক্রি করা হয়েছে। তবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কেউ তার কাছে গাছ কাটার অনুমতি নেয়নি। তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।



