পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার বিবরণ
সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান জানান, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিলেন। কয়েকজন মিলে তাকে ধাওয়া দিয়ে মিছিল থেকে আলাদা করে নিয়ে যায়। পরে নির্মাণাধীন একটি ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই যুবক।
তদন্ত ও পুলিশের অবস্থান
ওসি মতিউর রহমান আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর। তিনি বলেন, ওই যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।



