ভেনেজুয়েলার উত্তর উপকূলে নতুন করে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ রেকর্ড করা হয়েছে। শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক ভূমিকম্পের অবস্থান ও মাত্রা
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটি উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে স্থানীয়দের বরাতে রয়টার্স জানিয়েছে, শুক্রবার মারাকাই ও কারাকাসেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবারের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি
দেশটিতে গত বুধবার ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। রাজধানী কারাকাসের কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেনেজুয়েলা সরকারের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন এবং ১৭২ জনের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, লা গুয়াইরা রাজ্যের ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় জনসাধারণের প্রবেশ সীমিত করা হবে।



