রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত, রামপুরায় সিএনজিচালকের মৃত্যু
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত, সিএনজিচালকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পোশাক কারখানার কর্মী ছিলেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

আহত অবস্থায় রাকিবুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন আবু রায়হান নামের এক পথচারী। আবু রায়হান বলেন, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় রেললাইন পার হচ্ছিলেন রাকিবুল ইসলাম। সম্ভবত অসতর্ক ছিলেন। ওই সময় বিমানবন্দর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

আবু রায়হান আরও বলেন, স্থানীয় লোকজন আহত রাকিবুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকেরা রাকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের পরিচয় ও পরিবার

রাকিবুলের বাড়ি ভোলার দৌলতখানের চর খলিফায়। তাঁর বাবার নাম মফিজুল ইসলাম। প্রাইভেট কারের চালক তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর কুড়িলের কুড়াতলী এলাকায় থাকতেন রাকিবুল। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।

আবু রায়হান বলেন, রাকিবুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা জানিয়েছেন, রাকিবুল অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। গতকাল শনিবার থেকে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরিও শুরু করেছিলেন। আজ ছিল তাঁর চাকরির দ্বিতীয় দিন। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

রামপুরায় সিএনজিচালকের মৃত্যু

রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় আহত মো. ইউসুফ (৩৫) নামের এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। গতকাল দিবাগত রাতে দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মো. ইউসুফের ভাতিজা মেহেদী বলেন, তাঁর চাচা ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। রাতে যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে অটোরিকশা রেখে মেরামতের ব্যবস্থা করছিলেন তিনি। এ সময় আরেকটি সিএনজিচালিত অটোরিকশা এসে তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সিএনজিচালকের পরিচয়

ইউসুফ জামালপুরের বকশীগঞ্জের ইদ্রিস আলীর ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান গ্রামের বাড়ি থাকেন। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার রসুলপুর ২ নম্বর গলিতে থাকতেন।

পুলিশের বক্তব্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে।