শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. পিয়ার আলী (৩২) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধীনস্থ নকশী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণ
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নকশী বিওপির টহলদল রোববার সন্ধ্যায় নওকুচি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পিয়ার আলীকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে একটি দেশিয় তৈরি এক নলা পাখি শিকারের বন্দুক উদ্ধার করা হয়।
বিজিবির কার্যক্রম
এ বিষয়ে ৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান ও যে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। পিয়ার আলীকে উদ্ধারকৃত অস্ত্রসহ ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
থানায় মামলা
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।



