রাজবাড়ীতে ট্রাক রেললাইনে ওঠায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি
রাজবাড়ীতে ট্রাক রেললাইনে ওঠায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় জিপসামবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যাওয়ায় প্রায় ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে খুলনা-ঢাকা রুটের নকশিকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা রুটের রাজবাড়ী এক্সপ্রেস নির্ধারিত সময়ের তিন ঘণ্টার বেশি দেরিতে চলাচল করে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কীভাবে ঘটল দুর্ঘটনা

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, যশোরের নওয়াপাড়া থেকে জিপসামবোঝাই একটি ট্রাক মানিকগঞ্জের দৌলতপুরের উদ্দেশে যাচ্ছিল। আজ সোমবার ভোর চারটার দিকে বসন্তপুর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

উদ্ধার অভিযান ও ট্রেন চলাচল স্বাভাবিককরণ

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রেনের বিলম্ব ও যাত্রীদের দুর্ভোগ

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার কারণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে। একই সময়ে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল রাজবাড়ী এক্সপ্রেসের। সেটিও রাজবাড়ী রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি। পরে রেললাইন সচল হওয়ার পর নকশিকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

চালকের সহকারীর বক্তব্য

দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালকের সহকারী মো. সোহেল বলেন, ‘আমার ওস্তাদ (চালক) অসুস্থ বোধ করছিলেন। তখন তিনি আমাকে ট্রাক চালাতে বলেন। ট্রাক চালানোর সময় হঠাৎ আমার ঘুম চলে আসে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেলওয়ে কর্মকর্তার মন্তব্য

রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ৬ ঘণ্টা পর সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়। এরপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দুটি ট্রেনের সময়সূচিতে বিলম্ব হয়েছে।’