রাজবাড়ীতে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে তরুণ-গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, পরে বিয়ে
রাজবাড়ীতে তরুণ-গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, পরে বিয়ে

রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়ভাবে গৃহবধূর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ওই তরুণের সঙ্গে তাঁর বিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির উঠানে মেহগনিগাছের সঙ্গে একই রশিতে এক তরুণ ও এক গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। এ সময় সেখানে কয়েকজন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ভিডিওতে তাঁদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করতে এবং বেঁধে রাখা তরুণকে তাঁর পরিবারের সদস্যদের মুঠোফোনে কল করতে বলতে শোনা যায়। একপর্যায়ে তরুণকে রশির বাঁধন খুলে দেওয়ার জন্য অনুরোধ করতেও দেখা যায়। তবে উপস্থিত কয়েকজন বাঁধন খুলতে বাধা দেন।

স্থানীয় সূত্রে তথ্য

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ আছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে ওই তরুণকে আটক করেন স্বামী। পরে পরিবারের সদস্যরা দুজনকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় বাসিন্দার বক্তব্য

স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণ ও গৃহবধূকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। পরে গৃহবধূর স্বামী সংসার না করার সিদ্ধান্ত জানালে স্থানীয়ভাবে বিচ্ছেদের ব্যবস্থা করা হয়। এরপর রাতেই মৌলভি ডেকে ওই তরুণ ও গৃহবধূর বিয়ে সম্পন্ন করা হয়।

পুলিশের বক্তব্য

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এ বিষয়ে কোনো পক্ষ থেকে তাঁদের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। নির্যাতনের কোনো অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ