গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) নামে গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
হাসপাতালে মৃত্যু
বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পাগাড় সালামের আটার কল এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
সংঘর্ষের বিবরণ
এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাগাড় আটার কল সংলগ্ন জামতলা রোড এলাকায় আকাশ, অনিক ও হাসিব প্রতিপক্ষ জোবায়ের হোসেনের লোকজনের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে জোবায়ের ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আকাশ, অনিক ও হাসিবকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে হাসিবের অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাসিবের মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জোবায়ের হোসেন নামে একজনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।



