উগান্ডার সেনাপ্রধানের নির্দেশে দুই শীর্ষ গণমাধ্যম বন্ধ
উগান্ডার সেনাপ্রধানের নির্দেশে দুই শীর্ষ গণমাধ্যম বন্ধ

উগান্ডার সবচেয়ে প্রভাবশালী দুটি গণমাধ্যম প্রতিষ্ঠান—ডেইলি মনিটর এবং এনটিভি উগান্ডা—বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা। রোববার (২৮ জুন) এক কঠোর নির্দেশনায় তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার পূর্বানুমতি ছাড়া পুনরায় চালু করা যাবে না।

সেনাপ্রধানের অবস্থান

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অবস্থান পরিষ্কার করে সেনাপ্রধান কেইনেরুগাবা বলেন, তিনি উগান্ডায় স্বাধীন গণমাধ্যমের ধারণায় বিশ্বাস করেন না। তিনি অভিযোগ করেন যে, এই গণমাধ্যমগুলোতে উগান্ডা সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন প্রচার করা হচ্ছে। এখন থেকে দেশটির কোনো গণমাধ্যমকেই এমন কোনো সংবাদ প্রচার করতে হলে তা অবশ্যই সেনাদপ্তর থেকে যাচাই করে নিতে হবে। উগান্ডার সব মিডিয়াকে এখন থেকে সেনাবাহিনীর নির্ধারিত আইন মেনে চলতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

প্রভাবিত প্রতিষ্ঠান

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্সের তথ্যানুযায়ী, ডেইলি মনিটর দেশটির সবচেয়ে বড় স্বাধীন পত্রিকা এবং এনটিভি উগান্ডা অন্যতম বৃহৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল। এই দুটি প্রতিষ্ঠানেরই মালিকানায় রয়েছে ন্যাশনাল মিডিয়া গ্রুপ। ডেইলি মনিটর কর্তৃপক্ষের ভাষ্যমতে, এরই মধ্যে ন্যাশনাল মিডিয়া গ্রুপের রাজধানী কাম্পালার নামুওয়াঙ্গো অফিস ও সেরেনা হোটেল সংলগ্ন কার্যালয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যরা অফিসগুলোতে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন, যার ফলে কাউকে ভেতরে প্রবেশ বা সেখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্প্রচার বন্ধ

একইসঙ্গে এনটিভি, স্পার্ক টিভি এবং গ্রুপটির অধীনে থাকা রেডিও স্টেশনগুলোর সম্প্রচারও রোববার থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্টের ছেলে। বিশ্লেষকরা মনে করছেন, তিনিই বর্তমানে দেশটির ডি ফ্যাক্টো বা প্রকৃত শাসক হিসেবে ক্ষমতা পরিচালনা করছেন। স্বাধীন সংবাদমাধ্যমের ওপর এমন নজিরবিহীন হস্তক্ষেপ উগান্ডার রাজনৈতিক ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।