রাজধানীর পৃথক এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন আসমা আক্তার (৩০) ও মনিকা আক্তার (২৭)।
ধানমন্ডিতে ঘটনা
ধানমন্ডি থানার এসআই তুলি মন্ডল পরিবারের বরাত দিয়ে বলেন, শুক্রবার (১২ জুন) বিকাল ৩টার দিকে আসমা আক্তার (৩০) বাংলাদেশ মেডিকেল কলেজের হাসপাতালে অষ্টম তলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়ে মারা যান। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ লাইনে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আসমার ছোট বোন রেশমি আক্তার বলেন, তিন বছর আগে সম্পর্কের মাধ্যমে শাফিউল্লাহর সঙ্গে বিয়ে হয় আসমার। শাফিউল্লাহর আগের ঘরেও স্ত্রী ও সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আসমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন শাফিউল্লাহ। তিনদিন আগে আসমার স্বামী পেটব্যথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তাকে রিলিজ দেওয়া হয়।
রেশমির অভিযোগ, ওইদিন বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে শাফিউল্লাহ ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন আসমাকে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আসমার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচণা মামলা করা হয়েছে। তাকে আটক করেছে পুলিশ।
বাড্ডায় ঘটনা
বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, আফতাবনগরের ই-ব্লকের একটি বাসার সামনে থেকে শুক্রবার সন্ধ্যায় মনিকার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মনিকা মানসিক হতাশাগ্রস্ততা থেকে ওইদিন বিকালে আট তালা ভবন থেকে লাফিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
মনিকার চাচাতো ভাই আমিরুল ইসলাম জানান, মনিকার মানসিক সমস্যা ছিল। ওই ভবনের নিচ তলায় পরিবারসহ থাকতেন। ঘটনার আগের দিন তার স্বামী লিটন মিয়া জমি-জমা সংক্রান্ত বিষয়ে গ্রামের বাড়ি যান।



