ময়মনসিংহের গফরগাঁওয়ে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ দুপুরে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
গফরগাঁও উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্বামীর হাত-পা, চোখ-মুখ বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে ও রাতে পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাকিল (৩০) ও হিরন খান (৪০)। এর মধ্যে শাকিল মামলার দুই নম্বর এবং হিরন চার নম্বর আসামি। শাকিলকে জেলা ডিবির সহায়তায় ফুলবাড়িয়া থেকে গতকাল বেলা তিনটার দিকে এবং হিরনকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তার করা হয়। এর আগে শাহাব উদ্দিন নামের এক অভিযুক্তকে গত বুধবার গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ (২০) কৃষক স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সাত থেকে আটজনের একটি দল দরজা ভেঙে ওই গৃহবধূর ঘরে ঢোকে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূর স্বামীর হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে নারীকে পাশের নির্জন জায়গায় নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। ঘটনার পর বুধবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানায় ভুক্তভোগী পরিবার। থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা পরিচয় আরও চারজনকে আসামি করে মামলা করেন নারীর মা।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারনামায় থাকা আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।



