রাজধানীতে সড়ক ও রেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
রাজধানীতে সড়ক ও রেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

রাজধানীতে পৃথক দুটি দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। রামপুরায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক এবং কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

রামপুরায় অটোরিকশার ধাক্কায় চালক নিহত

শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে রামপুরার সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. ইউসুফ (৩৫) নামে আরেক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ইদ্রিস আলীর ছেলে। ইউসুফের স্ত্রী ও দুই সন্তান গ্রামের বাড়িতে থাকেন। তিনি ঢাকার কামরাঙ্গীচর এলাকায় রসুলপুর দুই নং গলিতে থাকতেন।

নিহতের ভাতিজা মেহেদী জানিয়েছেন, শনিবার রাতে তার চাচা ইউসুফের ভাড়ায় চালিত সিএনজিচালিত অটোরিকশাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তিনি রাস্তার পাশে মেরামতের ব্যবস্থা করছিলেন। সে সময় আরেকটি অটোরিকশা এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১২ জুলাই) সকাল ৬টায় তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পেশায় তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। মৃত রাকিব ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের প্রাইভেট কার চালক মো. মফিজুল ইসলামের ছেলে। বর্তমানে কুড়িল কুড়াতলী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সে সময় রাকিব অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। সে সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে পথচারী আরও বলেন, মৃত রাকিব শনিবার (১১ জুলাই) থেকে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেছিলেন। আজ রবিবার ছিল তার চাকরির দ্বিতীয় দিন। সকালে কর্মস্থল গাজীপুরের উদ্দেশে বাসা থেকে বের হয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।