নড়াইলে ট্রাক উল্টে বসতঘর চাপা, ঘুমন্ত শিক্ষার্থীর মৃত্যু
ট্রাক উল্টে বসতঘর চাপা, শিক্ষার্থী নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বসতঘরের ওপর পাথরবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে ঘুমিয়ে থাকা এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার নলদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর পরিচয়

নিহত শিক্ষার্থীর নাম শামিমা আক্তার (১৭)। সে লোহাগড়া উপজেলার নলদী এলাকার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্যার মেয়ে। শামিমা নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় একই কক্ষে থাকা তার ছোট বোন মিতু খানম (১৩) আহত হয়েছে।

দুর্ঘটনার বিবরণ

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে লোহাগড়া উপজেলার মিঠাপুর হয়ে একই উপজেলার ব্রাহ্মণডাঙ্গায় নির্মাণাধীন একটি সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। রাত ১২টার দিকে নলদী এলাকায় গিয়ে ট্রাকটি পথ ভুল করে প্রধান সড়ক ছেড়ে একটি সরু রাস্তায় ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর ট্রাকটি উল্টে রাস্তার পাশের হাফিজার মোল্যার বসতঘরের ওপর পড়ে। সেখানে ঘুমিয়ে ছিল হাফিজার মোল্যার দুই মেয়ে। ট্রাকে থাকা পাথরের নিচে চাপা পড়ে তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে দীর্ঘ সময় ধরে পাথর সরিয়ে শামিমাকে মৃত অবস্থায় এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে মিতুকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়।

পুলিশি ব্যবস্থা

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ