খেলনা পিস্তল উদ্ধার, ক্রেতা সেজে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
খেলনা পিস্তল উদ্ধার, পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র কেনাবেচার খবর ছিল। ক্রেতা সেজে অস্ত্র কিনতে যায় পুলিশ। এক পর্যায়ে বিক্রেতা পরিচয়ে আসা চার তরুণকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পিস্তলের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয়, এটি খেলনা পিস্তল। আগুন জ্বালানোর লাইটার হিসেবে ব্যবহৃত হয় খেলনা পিস্তলটি।

ঘটনার বিবরণ

গতকাল রোববার বিকেল চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে থেকে ওই চার তরুণকে আটক করে পুলিশ। পরে তাঁদের আজ সোমবার দুপুরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার তরুণেরা হলেন মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) ও মো. রুবেল হোসেন (১৯)। তাঁরা সবাই চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার বাসিন্দা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার বস্তুর প্রকৃতি

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পিস্তল সদৃশ বস্তুটি মূলত একটি লাইটার। এটি চীনের তৈরি। বিউটেন গ্যাস দিয়ে পুনরায় এটি ব্যবহার করা যায়। প্রথম দেখায় এটিকে আগ্নেয়াস্ত্র মনে হবে।

পুলিশের বক্তব্য

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, অস্ত্রের মতো দেখতে বস্তুটি কোথাও ভয় প্রদর্শন কিংবা প্রতারণামূলক কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। ৪ জনকেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ