সংসদ সদস্যদের (এমপি) অফিসের জন্য উপজেলা প্রতি ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিন লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রশ্ন ও উত্তর
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে লিখিত প্রশ্নে জানতে চান, দেশের সব সংসদ সদস্যদের দাফতরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথকভাবে কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা আছে কিনা? থাকলে কবে নাগাদ করা হবে?
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ সব ঊর্ধ্বতন কর্মচারীদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
পূর্বের প্রেক্ষাপট
প্রসঙ্গত, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নির্বাচনি এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান। এরপর গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানিয়েছিলেন, জাতীয় সংসদের সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে সরকার। এই তথ্য জেনে ওইদিনই জাতীয় সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ির না নিয়ে উপজেলায় সংসদ সদস্যদের অফিস চেয়েছিলেন হাসনাত আবদুল্লাহ।



