জয়পুরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলা ও আক্কেলপুরে এসব দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
নিহতরা হলেন- জেলার পাঁচবিবি পৌর শহরের সরকারি গোরস্থান এলাকার অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম (৩৫), আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (৪০) এবং আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারী। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিল। পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক তৌহিদ ও এক নারী যাত্রী নিহত হন। এ সময় অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে চালক ও হেলপারসহ আটকে করে।
পুলিশের বক্তব্য
জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন।
আক্কেলপুরে আরেক দুর্ঘটনা
একই দিন দুপুরে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
নিশাগ্রস্থ অবস্থায় মোটরসাইকেল চালানোর অভিযোগ করে আক্কেলপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।



