ঢামেক হাসপাতালের পেছনে একজনের মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পেছনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) পেছনে অচেতন অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকালে খবর পেয়ে অচেতন অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগের পেছনে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। নাম পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
অমর একুশে হলের ফুটপাত থেকে দুইজনের মরদেহ
একই দিন সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে আরও দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরও ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদের বয়স আনুমানিক ৫০ ও ৬০ বছর।
শাহবাগ থানার তথ্য
শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই ব্যক্তিদের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের নাম পরিচয় জানার জন্য ইতোমধ্যেই সিআইডির ক্রাইমকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’



