সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শনিবার (২০ জুন) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক
দৈনিক ইত্তেফাকের প্রতিবেদক মো. দিদারুল আলম সভাপতি নির্বাচিত হয়েছেন। ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান ডালিম দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নির্বাচন পরিচালনা উপকমিটির প্রধান মাজহারুল হক মান্না নতুন কমিটির নাম ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা
সহসভাপতি পদে কালবেলার হেড অব নিউজ কবির হোসেন, যুগ্ম-সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে স্টার নিউজের প্রতিবেদক ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিডি নিউজের নিজস্ব প্রতিবেদক ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ডেইলি স্টারের প্রতিবেদক সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, আগামীর সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ গোলাম রব্বানী, দৈনিক সমাচারের জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল ইসলাম মল্লিক, নাগরিক টিভির স্টাফ রিপোর্টার অলিউল ইসলাম রনি ও সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দা সাবরিনা মজুমদার।
এজিএমে বক্তব্য
বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রানার সভাপতিত্বে এজিএমে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ।



