জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
জলঢাকায় ১৪৪ ধারা জারি, সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন

জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। ইউএনও বলেন, 'দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সংঘর্ষ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেটি ঠেকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।'

আদেশে বলা হয়, জলঢাকা পেট্রোল পাম্প ও জলঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে বর্ণিত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে মর্মে অফিসার ইনচার্জ, জলঢাকা থানা নিম্নস্বাক্ষরকারীকে অবহিত করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৪৪ ধারার বিধিনিষেধ

আদেশে উল্লেখ করা হয়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। ওই সময়ে উক্ত এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

পুলিশের প্রস্তুতি

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, 'এ বিষয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা গোয়েন্দা শাখার পুলিশও রয়েছে। আমরা যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে সজাগ রয়েছি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ