বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারকে স্কুল ফিডিং কর্মসূচির ডিম ও বিস্কুট আত্মসাতের অভিযোগে তলব করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। রবিবার (২৮ জুন) জারি করা এক অফিস আদেশে তাকে জরুরি কৈফিয়ত দিতে বলা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগের বিবরণ
অভিযোগে বলা হয়, গত ২৫ জুন বিদ্যালয় ছুটি শেষে ফেরার পথে ওই প্রধান শিক্ষিকা স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দ ২৪টি ডিম এবং ২২ প্যাকেট বিস্কুট নিজের বাসায় নিয়ে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদফতরের নজরে আসে।
কর্তৃপক্ষের অবস্থান
প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির জন্য বরাদ্দ খাবারে যেকোনও অনিয়ম বা আত্মসাৎ বরদাশত করা হবে না। বর্তমান সরকার সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সই করা নোটিশে অভিযুক্ত শিক্ষককে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ মোতাবেক আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব সশরীরে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ও কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।



