রাঙামাটিতে মাটি সরে পিলার হেলে, বিদ্যুৎহীন পুরো শহর
রাঙামাটিতে মাটি সরে পিলার হেলে, বিদ্যুৎহীন শহর

রাঙামাটি শহরের শুকুরছড়ি এলাকায় মাটি সরে ৩৩ কেবি লাইনের দুটি পিলার হেলে যাওয়ায় পুরো শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। কখন সরবরাহ স্বাভাবিক হবে তা বলতে পারছে না পিডিবি।

পিলার হেলে পড়ার কারণ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী (বিতরণ) স্বাগত সরকার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান ভারী বর্ষণের ফলে কুতুকছড়ি সাব স্টেশনের শুকুরছড়িতে ৩৩ কেবি লাইনের দুটি খুঁটির গোড়ার মাটি সরে হেলে পড়েছে। ফলে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

মেরামত কাজে চ্যালেঞ্জ

তিনি আরও বলেন, এই লাইনে কাজ করতে হলে ক্রেনের প্রয়োজন হবে। কিন্তু আমাদের কাছে কোনো ক্রেন নেই। তবুও আমাদের লোকজন ম্যানুয়ালি খুঁটি সোজা করতে কাজ করছে। তবে এভাবে আদৌ খুঁটি সোজা করা যাবে কিনা তা বলা সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে চট্টগ্রাম থেকে ক্রেন না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনমনে ক্ষোভ ও উদ্বেগ

রাঙামাটির গণমাধ্যমকর্মী শংকর হোড় ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারী বর্ষণ চলছে। তার মধ্যে বিদ্যুৎ না থাকায় পুরো শহর ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। মোবাইলের চার্জও প্রায় শেষ। এমন অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে কী হবে, সেটা ভাবতেই গা শিউড়ে উঠছে। তিনি আরও বলেন, এটাকে আমি পিডিবির চরম অবহেলা বলবো। পিডিবির দুর্যোগকালীন প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, পূর্বে কাপ্তাই চন্দ্রঘোনা থেকে একটি বিকল্প লাইন ছিল। দুর্যোগের কথা মাথায় রেখে এটি সচল থাকলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না।

প্রশাসনের পদক্ষেপ

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, বিষয়টি আমি জেনেছি। পিডিবিকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নির্দেশনা দিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ