বরগুনায় পুলিশ সদস্যের গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা
বরগুনায় পুলিশ সদস্যের আত্মহত্যা

বরগুনার তালতলী থানার ব্যারাকে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার বিবরণ

ওই পুলিশ সদস্য ‘গ্যাস ট্যাবলেট’ (অ্যালুমিনিয়াম ফসফাইড নামের বিষাক্ত রাসায়নিক কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছেন এবং এ বিষয়ে তিনি চিরকুট লিখে গেছেন বলে থানাসূত্র জানিয়েছে।

মৃত পুলিশ সদস্যের নাম ফারুক হোসেন গাজী (৫৫)। ঝালকাঠির রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তালতলী থানা সূত্রে জানা গেছে

শনিবার রাতের ডিউটি শেষ করে আজ ভোরের দিকে থানার ব্যারাকে আসেন ফারুক গাজী। পরে কোনো এক সময় তিনি ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ব্যারাকের অন্য পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, আত্মহত্যার আগে ফারুক গাজী একটি চিরকুট লিখে গেছেন। ঘটনাস্থল থেকে চিরকুটি উদ্ধার করা হয়েছে।

চিকিৎসকের বক্তব্য

তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, ‘অসুস্থ অবস্থায় ওই পুলিশ সদস্যকে সকাল ৯টার দিকে হাসপাতালে আনা হয়। তিনি প্রায় দুই ঘণ্টা আগে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়েছেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছিলেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি তাঁর চিকিৎসার জন্য। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

থানার ওসির মন্তব্য

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘তিনি (ফারুক হোসেন গাজী) চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করছেন, সেই বিষয়টি তদন্তের মাধ্যমে জানা যাবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ