সুন্দরগঞ্জে সালিশ বৈঠকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫
সুন্দরগঞ্জে সালিশ বৈঠকে হত্যা, গ্রেফতার ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি সালিশ বৈঠকে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) বিকালে উপজেলার তারাপুর ইউনিয়নের মীরগঞ্জ চাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জমি বিরোধের জেরে সালিশ বৈঠক

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও এলাকাবাসী জানান, তারাপুর ইউনিয়নের মীরগঞ্জ চাচিয়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ও গোলজার হোসেন সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় বাসিন্দা সাজু ব্যাপারীর বাড়ির উঠানে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনা

সালিশ চলাকালে আমজাদ হোসেন ও গোলজার হোসেনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে উপস্থিত আব্দুর রাজ্জাক গোলজার হোসেনকে বিরোধ মিটিয়ে নেওয়ার অনুরোধ করেন। এ সময় গোলজার হোসেনের ছেলে, মেয়ে, স্ত্রীসহ পরিবারের সদস্যরা আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকেরা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতার ও মামলা

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গোলজার হোসেন, লিমন মিয়া, রিমন মিয়া, রত্না আক্তার ও মনজুয়ারা বেগমকে গ্রেফতার করে।

এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মো. আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ