রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিলে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার মূল খুনি আরমান হোসেন সুজালসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার নোয়াখালী বেগমগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকি দুজন হলেন সামির হোসেন ও সায়েম।
ডিবির অভিযান ও গ্রেফতার
বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন ডিএমপির লালবাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, তাজিয়া মিছিলে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি। সব মিলে এখন পর্যন্ত এ ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণ
এর আগে শুক্রবার বিকেল ৪টায় সূত্রাপুরের বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল চকবাজার-লালবাগ হয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা হয়। মিছিলটি বাংলাবাজার এলাকায় পৌঁছালে একদল যুবক জাকির হোসেনকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলা ও তদন্ত
এ ঘটনায় শুক্রবার নিহতের বড় ভাই সূত্রাপুর থানায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গেন্ডারিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেন তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু, চাপাতি এবং ঘটনার সময় পরা জামাকাপড় উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার নোয়াখালী বেগমগঞ্জ থানা এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।



