পুলিশের উচ্চপদে রদবদল
ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একইসঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার দেওয়া হয়েছে। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ সদর দফতরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে পদায়ন করা হয়েছে।
জেলা পুলিশেও রদবদল
একইদিন অপর আরেক প্রজ্ঞাপনে ফরিদপুর ও ঝালকাঠি জেলায় পুলিশ পদে রদবদল করা হয়। তাদের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে।
একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পদায়ন করা হয়। এই রদবদলের মাধ্যমে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আসায় প্রশাসনিক সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে।



