লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় মা ও তিন মেয়ে হত্যার শিকার হওয়ার ঘটনায় শুক্রবার (২৬ জুন) বিকেলে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় সড়কে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ব্যাপক অংশগ্রহণ
জানাজার নামাজে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। বিপুলসংখ্যক মুসল্লি এই জানাজায় উপস্থিত ছিলেন। জানা গেছে, জানাজা শেষে নিহত শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফার মরদেহ নিয়ে স্বজনরা কুমিল্লা জেলার হোমনা উপজেলার লটিয়া গ্রামের উদ্দেশে রওনা হন। সেখানে তাদের দাফন করা হবে।
পুলিশের তদন্ত
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, চারজনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “গুরুত্বের সহকারে ঘটনাটি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।”
ঘটনার বিবরণ
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌর শহরের নদীর পাড় এলাকায় ভাড়া বাসায় ঢুকে এক যুবক মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করে। পরে ওই যুবক অন্তর মজুমদার (২৮) জনগণ গণপিটুনি দিলে সেও মারা যায়।



