নাটোরে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার, অপরজন পলাতক
নাটোরে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় গুচ্ছগ্রামের এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আসলাম আলীকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতার আসামির পরিচয়

গ্রেফতার আসলাম আলী জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) পলাতক রয়েছে।

ঘটনার বিবরণ

গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের এক গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার খড়ি সংগ্রহ করতে যান। সেখানে ওতপেতে থাকা ওই দুই ব্যক্তি জোরপূর্বক পাশের একটি ভুট্টাখেতে নিয়ে সংঘবদ্ধভাবে গৃহবধূকে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মামলা

পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পর দিন ২৫ মে ভুক্তভোগীর পরিবার আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমারের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতার ও তদন্ত

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার ২০ দিন পর শনিবার রাতে জামনগর এলাকা থেকে প্রধান আসামি আসলাম আলীকে গ্রেফতার করা হয়। তবে ষষ্টি কুমার পলাতক রয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামি আসলাম আলীকে রোববার (১৪ জুন) আদালতে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ