চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সরকার ১৮ কোটি মানুষের কথা বিবেচনায় না নিয়ে বরং ব্যবসায়ীদের স্বার্থে বাজেট প্রণয়ন করেছে।
বাজেট নিয়ে সংসদে জামায়াত এমপির বক্তব্য
শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ১৬তম দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। শাহজাহান চৌধুরী বলেন, “আমরা আশা করেছিলাম ১৮ কোটি মানুষের দিকে তাকিয়ে বাজেট দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। আপনি ব্যবসায়িক পরিবারের সন্তান, তাই ব্যবসায়ীদের জন্যই বাজেট দিয়েছেন।”
বাজেট ব্যবসায়িক স্বার্থকেন্দ্রিক দাবি
তিনি আরও বলেন, বাজেট ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে ব্যবসার পরিবেশ সহজ করতেই এই বাজেট দেওয়া হয়েছে, যা থেকে বোঝা যায় এটি মূলত ব্যবসায়িক স্বার্থকেন্দ্রিক।
অর্থমন্ত্রীর অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে বাজেট প্রণয়নের সময় বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হতো, কিন্তু এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
বিরোধী দলের সঙ্গে আলোচনা না করার সমালোচনা
তিনি প্রশ্ন রেখে বলেন, “সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান বাজেট তৈরিতে সহযোগিতা করার জন্য বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলতেন। ইবার বাজেট যারা তৈরি করেছেন তারা কারা? তারা কি ৩৬ জুলাইয়ের চেতনাকে ধারণ করেন? নাকি অতীতে যারা বাজেট তৈরি করেছেন, ১৮ বছরে যারা ফ্যাসিস্টের বাজেট তৈরি করেছেন ঠিক তারাই এই বাজেট তৈরি করেছেন?”
শাহজাহান চৌধুরী বলেন, “আপনারা যারা বাজেট তৈরি করেছেন তারা নির্বাচনের আগে আমাদের মতো স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। এই স্লোগান যদি প্রতিফলিত হতো তাহলে আপনারা যে বক্তব্য দিয়েছেন, যে বাজেট পেশ করেছেন সেখানে কী এটা আছে?”
জনগণের অংশগ্রহণ না থাকার অভিযোগ
তিনি দাবি করেন, বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ছিল না এবং এটি দেশের কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি।



