রাজধানীতে মেট্রোরেলে যাত্রার সময় ব্যাগ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস। এতে ব্যাগটির ভেতরে থাকা জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, চেক ও স্মার্টফোন হারিয়েছেন তিনি।
ঘটনার বিবরণ
আজ শনিবার বেলা একটার দিকে রাজধানীর কারওয়ান বাজার মেট্রোস্টেশনে নামার পর চুরির ঘটনাটি টের পান এই অধ্যাপক। এ ঘটনায় তিনি তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
হারানো জিনিসপত্র
জিডিতে বলা হয়েছে, ব্যাগের ভেতরে ব্র্যাক ব্যাংকের একটি ডেবিট কার্ড, অগ্রণী ব্যাংকের একটি এটিএম কার্ড, তাঁর জাতীয় পরিচয়পত্র, দুটি মেট্রোরেল কার্ড, বাসায় প্রবেশের পাঞ্চকার্ড এবং একটি গুগল পিক্সেল-৮ মুঠোফোন ছিল। ফোনটির সঙ্গে ব্যবহৃত নম্বরও হারিয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
অধ্যাপকের বক্তব্য
ব্যাগটি চুরি হয়েছে উল্লেখ করে অধ্যাপক সাঈদ ফেরদৌস প্রথম আলোকে বলেন, তিনি উত্তরা (সেন্টার) স্টেশন থেকে মেট্রোতে করে কারওয়ান বাজার স্টেশনে নামেন। এ সময় তাঁর সঙ্গে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগের ভেতরে আরেকটি ছোট ব্যাগে মুঠোফোনসহ ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, কারওয়ান বাজারে প্ল্যাটফর্মে নামার পরপরই তিনি সঙ্গে থাকা ব্যাগের চেইন খোলা দেখতে পান। অনেক খোঁজাখুজি করেও ছোট ব্যাগটি আর পাননি। মেট্রোর ভেতর থেকেই কেউ একজন ব্যাগটি চুরি করেছেন দাবি করেন তিনি।
পুলিশের কার্যক্রম
জিডির বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ঘটনার বিষয়ে জিডি নেওয়া হয়েছে। তারা মুঠোফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন।



