তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে সত্য উদ্ঘাটনে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেবল বাহ্যিক তথ্য নয়, অনুসন্ধানের মাধ্যমে ‘খবরের ভেতরের খবর’ বের করে আনতে হবে।
বিএসআরএফ ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য
রবিবার (২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুবা ফারজানা বলেন, ফেসবুকে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ছড়াছড়ি রয়েছে। এ পরিস্থিতিতে প্রকৃত খবর ও নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর
তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা এখন অনেকটাই কমে গেছে। আমি আশা করব, আপনারা অনুসন্ধানের মাধ্যমে খবরের ভেতরের খবর, এমনকি তারও ভেতরের তথ্য বের করে আনবেন। সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে তথ্য সচিব বলেন, সাংবাদিকরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই পেশায় কাজ করছেন। সাংবাদিকদের সঙ্গে আরও বেশি মানুষের সম্পৃক্ত হওয়া দরকার। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও সাংবাদিকদের প্রতি সহযোগিতামূলক ও দায়িত্বশীল আচরণ করতে হবে।
সাংবাদিকদের হয়রানি না করার নির্দেশ
তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলা হয়েছে, সাংবাদিকরা যেন কোনোভাবেই হয়রানি বা অসহযোগিতার মুখে না পড়েন। সাংবাদিকদের কাজের পরিবেশ ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল হতে হবে। তরুণদের সাংবাদিকতা পেশার প্রতি আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, নতুন প্রজন্মের অনেকেই সাংবাদিকতায় আসছেন। তারা যেন তথ্যের সত্যতা যাচাই করে, দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেন—সেই প্রত্যাশা করেন তিনি।
অপতথ্য নিয়ে তথ্য মন্ত্রণালয়ের অবস্থান
তথ্য মন্ত্রণালয়কে নিয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত কিছু সংবাদকে অপতথ্য ও মিথ্যা তথ্যের শামিল বলেও মন্তব্য করেন সচিব। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সংশ্লিষ্ট দফতরে গিয়ে তথ্য যাচাইয়ের অনুরোধ জানান। তিনি বলেন, কোনও বিষয়ে প্রশ্ন বা সন্দেহ থাকলে আমাদের কাছে এসে যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে তথ্য যাচাই করে, তারপর মতামত বা প্রতিবেদন দেবেন। সাংবাদিকতা করতে গিয়ে কোনও সমস্যার মুখোমুখি হলে আমার সঙ্গে অথবা আপনাদের নেতাদের সঙ্গে কথা বলবেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।



